অগ্রণী ব্যাংকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

প্রকাশ: November 3, 2026




অগ্রণী ব্যাংক পিএলসির মাধ্যমে ‘উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) প্রকল্পের অধীনে ‘উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংক পিএলসির মাধ্যমে ঢাকার ২৫ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ১০০ ঘণ্টাব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এবিটিআই) আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওয়াসিম এবং অগ্রণী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক মো. আব্দুল মোত্তালিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগম।

দক্ষ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।