‘ডমেস্টিক থ্রি’ নিয়ে প্রস্তুত হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো, ‘ধামাকা’র আশ্বাস

প্রকাশ: September 29, 2026




বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন রং যোগ করতে তিন ফরম্যাটকে একই কাঠামোর অধীনে নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘ডমেস্টিক থ্রি’। এই টুর্নামেন্টের ৬ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে গত রোববার (২৭ সেপ্টেম্বর)। সেদিনই হয়েছিল আইকন ড্রাফটও। আর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হয়েছে ম্যানেজমেন্ট ড্রাফট।

ম্যানেজমেন্ট ড্রাফটে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন প্রধান কোচ ও দুইজন করে সহকারী কোচ দলে নিয়েছে। পাশাপাশি ফিজিও ও পারফরম্যান্স অ্যানালিস্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও অভিজ্ঞদের যুক্ত করেছে দলগুলো।

ওয়ালটনের আইকন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ মনে করেন, ঘরোয়া ক্রিকেটের জন্য এটি নতুন অভিজ্ঞতা। তিনি বলেন, ‘আপনারা জানেন, প্রথমবারের মতো আমাদের ঘরোয়া ক্রিকেট এই ফরম্যাটে হচ্ছে। আমি যেহেতু ওয়ালটনের হয়ে খেলছি, এই দলের প্রতিনিধিত্ব করছি। যে ফরম্যাটটি করা হয়েছে, অবশ্যই এটার জন্য বোর্ডকে ক্রেডিট দিতে হবে।’

কোচ নির্বাচনের প্রক্রিয়া নিয়েও কথা বলেন মিরাজ। তার ভাষ্য, কোচদের একটি তালিকা আগেই দেওয়া হয়েছিল। এরপর কোন পজিশনে কাকে নেওয়া হবে, তা দলগুলোর ম্যানেজমেন্ট নিজেদের প্রয়োজন অনুযায়ী ঠিক করেছে।

ওয়ালটনের প্রতিনিধি রবিউল ইসলাম মিলটনও জানিয়েছেন, কোচিং স্টাফ বাছাইয়ে বিসিবির পরামর্শ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তার দাবি, ছয় দলের জন্য কোচ, ফিজিওথেরাপিস্ট ও ট্রেইনারদের একটি তালিকা আগেই সরবরাহ করা হয়েছিল।

মিলটন বলেন, ‘প্রতিটি দলের সঙ্গে বিসিবির পক্ষ থেকে একজন করে নির্বাচক যুক্ত করা হয়েছে, যাতে দলগুলো প্রয়োজনীয় পরামর্শ পায়। পাশাপাশি শাহরিয়ার নাফীস, সুমন ভাই ও তামিম ইকবালের মতো অভিজ্ঞদের কাছ থেকেও কোচ বাছাইয়ের ক্ষেত্রে দিকনির্দেশনা পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।’

তার মতে, বোর্ডের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পাওয়া এই পরামর্শ ম্যানেজমেন্ট ড্রাফটের কাজকে সহজ করেছে।

এদিকে নিজ শহর বরিশালে ‘ডমেস্টিক থ্রি’ আয়োজন করতে পেরে বেশ উচ্ছ্বসিত ফরচুন বরিশালের মালিক ও ফরচুন গ্রুপের কর্ণধার মিজানুর রহমান। তার বিশ্বাস, নতুন এই টুর্নামেন্ট দর্শকদের জন্য বড় আকর্ষণ তৈরি করবে।

মিজানুর রহমান বলেন, ‘আপনাদের দোয়া, বাবা-মায়ের দোয়া এবং বাংলাদেশের সব মানুষের দোয়ায় ফরচুন কামব্যাক করেছে। আপনারা মনে করছেন বিপিএল হচ্ছে না, কিন্তু আমার মনে হয় এটা বিপিএলের চেয়েও বড় একটা টুর্নামেন্ট হবে। আপনারা বরিশালে আসেন, দেখবেন ইনশাআল্লাহ। অনেক কিছুই থাকবে, ধামাকা থাকবে।’