বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২ হাজার কোটি টাকার চুক্তি

প্রকাশ: November 4, 2026




বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্যশিল্পের বিকাশ, বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের জন্য সহজতর অর্থায়ন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২ আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) এ কে এম সাইদুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির।

মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ব্যবসায় কর্মকর্তা (সিবিও) ড. মো. জাহিদ হোসেন এবং টেকসই অর্থায়ন ইউনিটের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হাকিম খান।