কক্সবাজারে নকল ব্যান্ডরোলের ৪ লাখ ৬১ হাজার সিগারেট জব্দ

প্রকাশ: October 28, 2026




কক্সবাজারের তিন এলাকায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।

বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কক্সবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। চকরিয়া, কক্সবাজার সদর ও টেকনাফের হ্নীলা এলাকায় একযোগে নিবারক অভিযান চালিয়ে সিগারেটগুলো জব্দ করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, কমিশনারেটের তিনটি পৃথক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে মার্বে ব্র্যান্ডের নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হেরিটেজ টোব্যাকোর নাম পাওয়া গেছে।

তবে নকল ব্যান্ডরোল ব্যবহারের সঙ্গে প্রতিষ্ঠানটির সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে এ ধরনের সিগারেট তৈরির আরও কোনো কারখানা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, রাজস্ব ফাঁকি শনাক্ত করা, বকেয়া রাজস্ব আদায় এবং সরকারি রাজস্বের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।