বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ-বাংলা ব্যাংকের ২ চুক্তি স্বাক্ষর

প্রকাশ: September 24, 2026




আইসিটি খাত উন্নয়ন এবং গ্রিন কারখানা ও গ্রিন শিল্প প্রতিষ্ঠান নির্মাণে গ্রাহকদের পুনঃঅর্থায়ন সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ডাচ-বাংলা ব্যাংক।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ব্যাংকটির পাবলিক অ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিম’-এর অধীনে গ্রাহকদের স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট-এর সাথে দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ডাচ-বাংলা ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ. কে. এম. নুরুনবী এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণে উৎসাহিত করা হবে। পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী ক্রেতাদের আকর্ষণ করার মাধ্যমে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করবে এবং পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে।

এ স্কিমে মোট এক হাজার কোটি টাকার (ঘূর্ণায়মান) তহবিল বরাদ্দ করা হয়েছে, যার অধীনে একজন একক গ্রাহক ৫ শতাংশ সুদে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন।

আইসিটি খাত পুনঃঅর্থায়ন স্কিমটি উন্নয়ন পরিকল্পনায় সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত আইসিটি খাত ও এর উপ-খাতগুলোর উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে।

এ ছাড়া হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্কে উৎপাদিত পণ্য ও সেবা এবং আইসিটি খাতে নারী উদ্যোক্তাদের এ স্কিমের অধীনে অগ্রাধিকার দেওয়া হবে। এই স্কিমেও মোট এক হাজার কোটি টাকার (ঘূর্ণায়মান) তহবিল বরাদ্দ করা হয়েছে, যেখানে একজন গ্রাহক ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে।