ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে পূবালী ব্যাংক জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির এক হাজার ৫৩৩ তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন দুই হাজার কোটি টাকা। এটি ১০ টাকা অভিহিত মূল্যের ২০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অনুমোদিত মূলধন বাড়িয়ে চার হাজার কোটি টাকা করা হবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের মোট ৪০০ কোটি সাধারণ শেয়ার থাকবে।
এ ছাড়া অনুমোদিত মূলধন বাড়ানোর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনের সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ। পর্ষদের এসব সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ২৫ অক্টোবর ব্যাংকটির সপ্তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

