জেদ্দা, সৌদি আরব:
রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) মাগরিবের নামাজের পর সৌদি আরবের জেদ্দায় ইসলামী আন্দোলনের সিনিয়র নেতৃবৃন্দের অংশগ্রহণে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র আয়াতে কারীমা তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন, জেদ্দা শাখার চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আল্লামা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ।
তাঁর বক্তব্যে তিনি বাংলাদেশকে দুর্নীতি, অনিয়ম, অন্যায় ও সকল প্রকার অনৈতিক সংস্কৃতির প্রভাব থেকে মুক্ত করে একটি ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শরিয়াহর ন্যায়নীতি ও কল্যাণমুখী আদর্শের আলোকে একটি সুশাসনভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশকে টেকসই সমৃদ্ধি, উন্নয়ন ও গতিশীল অগ্রগতির পথে এগিয়ে নেওয়া সম্ভব।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মাওলানা জাফর, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব শামীম, মুফতি হাবিবুল্লাহ মোখতারসহ জেদ্দায় অবস্থানরত বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও টেকসই করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভা শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সুন্দর, সুসংহত ও টেকসই অগ্রযাত্রার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, অঙ্গীকার ও কার্যকর অবদান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
মাদানী সাহেবর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।